![]()
ইবি রিপোর্ট
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোর প্রস্তুতি এবং নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর গুলশানে নিজের বাসভবন থেকে পরিদর্শনের উদ্দেশে বের হন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, দিনের কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যাবেন। সেখানে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে, তা সরাসরি পর্যবেক্ষণ করবেন তিনি।
হাসান শিপলু বলেন, ‘প্রথমে যাচ্ছেন উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে। সেখানে তিনি সরজমিনে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিয়েছে তা দেখবেন।’
তিনি আরও জানান, পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী।
ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা ব্যবস্থার বাস্তব অবস্থা পর্যালোচনার মধ্য দিয়ে হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসাসেবা এবং ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।
পাঠকের মন্তব্য