![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশের মাটিতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের আচরণ বাংলাদেশের ভাবমূর্তির জন্য অসম্মানজনক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
বিবৃতিতে ডা. তাহের বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী ফ্যাসিস্টদের কিছু দোসর কদর্য ও অশালীন ভাষা ব্যবহার করে হেনস্তা করেছেন। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। তিনি ড. ইউনূসকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জামায়াতের এই নেতা আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববাসীর কাছে একজন সম্মানীয় নোবেল বিজয়ী। তাঁকে হেনস্তা করার মধ্য দিয়ে শুধু একজন ব্যক্তিকে অসম্মান করা হয়নি, বরং বাংলাদেশের সব নাগরিক এবং রাষ্ট্র হিসেবেও বিশ্বদরবারে বাংলাদেশকে অপমানিত ও খাটো করা হয়েছে।
বিবৃতিতে ডা. তাহের উল্লেখ করেন, আন্তর্জাতিক পরিসরে দেশের মান-মর্যাদা অক্ষুণ্ন রাখতে বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই সমীচীন নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ফ্যাসিস্টদের দোসররা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সম্মান ক্ষুণ্ন করেছে। এ ধরনের আচরণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে পতিত আওয়ামী ফ্যাসিবাদের কর্মকাণ্ড নিয়েও অভিযোগ তোলেন ডা. তাহের। তিনি বলেন, দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও আওয়ামী ফ্যাসিবাদ বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী এবং সফররত দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও অভিযোগ করেন তিনি।
ডা. তাহের বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা এসব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের কল্যাণে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়া উচিত।
বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি বিদেশে বাংলাদেশের সম্মানিত নাগরিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
পাঠকের মন্তব্য