
ইবি রিপোর্ট
জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘জে ক্রিয়েশনের’ প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) গত রোববার (১৩ সেপ্টেম্বর) মিরপুরে অবস্থিত জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান জে ক্রিয়েশনে অভিযান পরিচালনা করে।
প্রতিষ্ঠানটি মূলত অনলাইনভিত্তিক পাঞ্জাবি, শেরওয়ানি ও বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে। আকস্মিক অভিযানে প্রতিষ্ঠানটির মূসক ফাঁকির আলামত পাওয়া যায়।
এরপর বিষয়টি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সিপিইউসহ বিভিন্ন প্রয়োজনীয় দলিলাদি জব্দ করা হয়।
এনবিআর জানায়, জব্দ করা তথ্য ও দলিলের ভিত্তিতে পরবর্তী দুই দিন প্রতিষ্ঠানটির বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে মঙ্গলবার প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে।
রাজস্ব ফাঁকির প্রকৃত পরিমাণ নির্ধারণ এবং সংশ্লিষ্ট নথিপত্র আরও যাচাইয়ের কাজ চলমান রয়েছে।
এনবিআর আরও জানিয়েছে, অভিযানে সংগৃহীত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই করে ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্ব ফাঁকির ঘটনায় মামলা করাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রমও চলমান রয়েছে।
কর্তৃপক্ষের এই অভিযান ও পরবর্তী যাচাইয়ের মাধ্যমে জে ক্রিয়েশনের রাজস্বসংক্রান্ত অনিয়মের বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাঠকের মন্তব্য