
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তান যাওয়ার পথে ২৪০ জন যাত্রীসহ একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জাভা সাগরে নিখোঁজ জাহাজটির সন্ধানে রবিবার (১৩ সেপ্টেম্বর) উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কালিমন্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার খবর পায়।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের উদ্দেশে যাওয়ার সময় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান জাভা সাগরে শনাক্ত করা হয়েছে। বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান পাওয়া যায়।
জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধারকর্মীদের ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। এ জন্য ত্রিসাক্তিতে একটি অভিযান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী সংস্থাই দুর্যোগের খবর পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়।
তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল। এর পরই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।
নিখোঁজ জাহাজটির অবস্থান শনাক্ত এবং সেখানে থাকা ২৪০ যাত্রীর বিষয়ে নিশ্চিত হতে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। সর্বশেষ অবস্থানকে কেন্দ্র করে জাভা সাগরে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং জাহাজটির অবস্থান ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে পরবর্তী তথ্য পাওয়ার পর তা জানানো হবে।
পাঠকের মন্তব্য