![]()
ই-বাংলাদেশ ডেস্ক
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চট্টগ্রামের তিন সাংগঠনিক ইউনিটের নেতা-কর্মীদের সরাসরি মতবিনিময় হতে যাচ্ছে আজ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে প্রথম সফরে গিয়ে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসবেন তিনি।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নগরীর রেডিসন ব্লু হোটেলে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় দুই ঘণ্টার এই বৈঠককে কেন্দ্র করে চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পেয়ে নেতা-কর্মীদের মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
তিন সাংগঠনিক ইউনিটের নেতারা থাকবেন
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নির্ধারিত নেতা-কর্মীরা বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাদেরও সভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সময়সূচি বিবেচনায় রেখে সাংগঠনিক সভার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে রেডিসন ব্লু হোটেলের একটি হলরুমে সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, নেতা-কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও সরাসরি মতবিনিময়ের আগ্রহ রয়েছে। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সভায় নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
তৃণমূলকে গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দলের চেয়ারম্যান মনে করেন, তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ। তাই চট্টগ্রাম সফরের সময় তাদের সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, চট্টগ্রামের তিন সাংগঠনিক ইউনিট—মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পাশাপাশি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গেও সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী।
তার মতে, শুধু কেন্দ্রের নির্দেশনা নয়, তৃণমূলের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো সরাসরি শোনা হলে দলীয় কর্মকাণ্ড আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সাংগঠনিক সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে চট্টগ্রামের সাংগঠনিক পরিস্থিতি, তৃণমূলের বিভিন্ন সমস্যা, দলীয় কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।
এ সময় নেতা-কর্মীরা তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যা দলের চেয়ারম্যানের কাছে তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে কেন্দ্রের নির্দেশনা, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হতে পারে।
বৈঠককে চট্টগ্রাম বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক ঘটনা হিসেবে দেখছেন দলের নেতা-কর্মীরা। তাদের মতে, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সরাসরি যোগাযোগ বাড়লে সাংগঠনিক দূরত্ব কমবে। একই সঙ্গে মহানগর ও দুই জেলা ইউনিটের কার্যক্রমের মধ্যে আরও সমন্বয় তৈরি হতে পারে।
সভা ঘিরে প্রস্তুতি
তারেক রহমানের সঙ্গে সাংগঠনিক সভাকে সামনে রেখে রেডিসন ব্লু হোটেলে প্রবেশ, অংশগ্রহণকারী নেতাদের তালিকা এবং অন্যান্য সাংগঠনিক বিষয়ে প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি।
দলীয় নীতিমালা অনুযায়ী, চট্টগ্রামের তিন সাংগঠনিক ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্ধারিত নেতাদের সভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের পাশাপাশি দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে এই সরাসরি মতবিনিময়কে তাই সাংগঠনিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় বিএনপির নেতারা।
পাঠকের মন্তব্য