![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ক্যাশলেস বাংলাদেশ গড়তে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান
দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
দুই দিনের দাপ্তরিক সফরের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহ্যবাহী গণি বেকারি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নর ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম সফর করছেন। সফরকালে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দাপ্তরিক সভায় অংশ নেওয়ার পাশাপাশি নগরীতে বাংলা কিউআর প্রচারণা কার্যক্রমেও অংশ নেবেন।
সফরের প্রথম দিনে গভর্নর গণি বেকারি থেকে ঐতিহ্যবাহী বেলা বিস্কুট কেনেন। পরে বাংলা কিউআর ব্যবহার করে এর মূল্য পরিশোধ করেন তিনি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন গভর্নর।
ডিজিটাল পেমেন্টে বাড়ছে মানুষের আস্থা
মো. মোস্তাকুর রহমান বলেন, গণি বেকারির মতো একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার দেশে ডিজিটাল লেনদেনের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার পাশাপাশি এ ব্যবস্থার প্রতি মানুষের আস্থারও প্রতিফলন।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়লে লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, খরচ কমবে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি আরও সম্প্রসারিত হবে।
গভর্নর দেশের সব ব্যবসাপ্রতিষ্ঠানকে বাংলা কিউআর গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হলে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ আরও গতিশীল হবে।
দ্রুত সম্প্রসারিত হচ্ছে বাংলা কিউআর
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর সারা দেশে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এটি একটি আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল), নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
বাংলা কিউআরের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্ট সহজতর হওয়ায় নগদ অর্থের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য লেনদেন আরও সহজ ও স্বচ্ছ করার সুযোগ তৈরি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতে, দেশের সর্বস্তরে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়ানো গেলে আর্থিক সেবার আওতা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে নিরাপদ ও কম খরচের লেনদেন নিশ্চিত করে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার পথও সুগম হবে।
পাঠকের মন্তব্য