![]()
ই-বাংলাদেশ ডেস্ক
হরমুজ প্রণালি দ্রুত পুনরায় উন্মুক্ত না হলে ইরানের ওপর নতুন করে তীব্র সামরিক হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ইতিবাচকভাবে এগোলেও প্রতিশ্রুতি ভঙ্গ করা হলে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে বর্তমানে ‘খুব ভালো আলোচনা’ চলছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া না হলে পরিস্থিতি আবারও সামরিক সংঘাতের দিকে যেতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “খুব শীঘ্রই প্রণালিটি উন্মুক্ত করা হবে বলে আশা করছি। অন্যথায় তারা অত্যন্ত বড় ধরনের আঘাতের মুখোমুখি হবে। যদি তারা আবারও প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে আরও বড় আঘাত আসবে। তারা বিষয়টি জানে এবং বোঝে। আমার কাছে আর কোনো বিকল্প থাকবে না।”
ট্রাম্প আরও বলেন, সামরিক হামলা তাঁর প্রথম পছন্দ নয়। বরং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পক্ষেই তিনি অবস্থান করছেন। তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “আমরা ইতোমধ্যে তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। তবে সবচেয়ে বড় পদক্ষেপটি এখনও বাকি আছে এবং আমি আশা করি, সেটি ব্যবহার করতে হবে না। আমাদের মধ্যে ভালো আলোচনা চলছে, যদিও তারা বিষয়টি প্রকাশ্যে স্বীকার করতে চায় না।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলছে—এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ওমানের মধ্যস্থতায় একটি যৌথ পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত হয়ে থাকা পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এ নৌপথে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ালেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকায় এখনো আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে।
পাঠকের মন্তব্য