ই-বাংলাদেশ ডেস্ক
সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে প্রমাণ ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গিয়েছিল, সেগুলো ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ফলে এ বিষয়টি নিয়ে বিভ্রান্তি বা গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি প্রমাণ ছাড়াই অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে মিথ্যা তথ্য বা অপপ্রচার চালায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে বিদ্যুৎ বিভাগ স্পষ্ট করেছে, কোনো গ্রাহক যদি অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেন, তাহলে তিনি প্রয়োজনীয় প্রমাণ ও তথ্যসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো অভিযোগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
পাঠকের মন্তব্য