![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ঢাকা–কক্সবাজার রুটে যাত্রীসেবা আরও উন্নত করতে চলতি মাসেই আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
হাবিবুর রশিদ বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি রেলস্টেশন হিসেবে নয়, বরং আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে স্টেশনের সার্বিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার সারাদেশে রেল যোগাযোগ সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। বর্তমান সরকারের মেয়াদেই পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে দ্রুত স্টেশনটিকে পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশনা দেন।
তিনি বলেন, কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী। তাই এখানে আগত দেশি-বিদেশি পর্যটকদের জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত রেলসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
পরিদর্শনের সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উপস্থিত ছিলেন। এছাড়া রেল মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
নতুন ট্রেন চালু এবং আইকনিক রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে ঢাকা–কক্সবাজার রুটে যাত্রীসেবা আরও সহজ, দ্রুত ও আরামদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মন্তব্য