![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে চলমান যুব আন্দোলনের মধ্যে বহুল আলোচিত ‘ককরোচ’ মন্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেছেন, আদালতে দেওয়া তার মন্তব্য দেশের যুবসমাজকে উদ্দেশ্য করে ছিল না; বরং ভুয়া আইন ডিগ্রি ব্যবহার করে অনৈতিকভাবে আইন পেশায় প্রবেশ করা ব্যক্তিদের প্রসঙ্গেই তিনি ওই মন্তব্য করেছিলেন।
শুক্রবার (২৪ জুলাই) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান বিচারপতি বলেন, দেশের তরুণদের প্রতি তার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। তিনি কখনোই ভারতের যুবসমাজকে অপমান করার উদ্দেশ্যে কোনো মন্তব্য করেননি।
সূর্য কান্ত জানান, অতীতে বার কাউন্সিল অব ইন্ডিয়া নিজেই ভুয়া আইন ডিগ্রির বিষয়টি সামনে এনেছিল। সেই প্রেক্ষাপটে বিচার বিভাগ থেকে জাল সনদধারী ব্যক্তিদের চিহ্নিত ও অপসারণের প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে তিনি ওই মন্তব্য করেছিলেন।
তিনি বলেন, যারা ভুয়া সনদ ব্যবহার করে পেছনের দরজা দিয়ে আইনজীবী হিসেবে পেশায় প্রবেশ করেছে, তাদের কারণেই আইন পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। আদালতে তার বক্তব্য মূলত এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধেই ছিল।
প্রধান বিচারপতি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সফরে গেলে অসংখ্য তরুণ-তরুণী তার সঙ্গে দেখা করতে আসে। তাদের উদ্যম, মেধা ও কর্মস্পৃহা থেকেই তিনি অনুপ্রেরণা পান।
তিনি আশ্বস্ত করে বলেন, দেশের তরুণদের কোনো ন্যায়সঙ্গত দাবি বা অভিযোগ থাকলে ভারতের সুপ্রিম কোর্ট সবসময় তাদের জন্য উন্মুক্ত। সংবিধান ও আইনের আলোকে প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, গত ১৫ মে একটি মামলার শুনানিতে দেওয়া প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমে সেই বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে অনেকের ধারণা হয় তিনি পুরো দেশের যুবসমাজকে ‘ককরোচ’-এর সঙ্গে তুলনা করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে দেশে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামে একটি সংগঠনও আত্মপ্রকাশ করে। পরে প্রধান বিচারপতি লিখিত ব্যাখ্যায় জানান, তার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে এবং গণমাধ্যমের একাংশ প্রসঙ্গটি বিকৃতভাবে উপস্থাপন করায় তিনি দুঃখ প্রকাশ করেন।
সর্বশেষ সাক্ষাৎকারেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ভারতের তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ এবং তাদের প্রতি তার সম্মান ও আস্থা অটুট রয়েছে।