![]()
ই-বাংলাদেশ ডেস্ক
এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের চলমান আন্দোলন এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে সরকারের কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বর্তমান শিক্ষামন্ত্রী বাস্তব সমস্যা সমাধানের পরিবর্তে প্রচারণানির্ভর কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিচ্ছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা মোড়ে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে অবমূল্যায়ন করা উচিত নয়। তিনি শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেন, “আমাদের একজন শিক্ষামন্ত্রী পেয়েছি, স্টান্টবাজিতে ওস্তাদ। ক্যামেরা স্টান্টবাজি, পিআর স্টান্ট। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলেন, ‘নকল আর চলবে না’। ২০২৬ সালের শিক্ষার্থীরা দেখিয়ে দিচ্ছে, এই স্টান্টবাজি আর বাংলাদেশে চলবে না।”
তিনি আরও বলেন, “শিক্ষামন্ত্রী, আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, তাদের জন্যই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। সাধারণ এইচএসসি পরীক্ষার্থীদের ছাত্রদল মাদকাসক্ত বলে আখ্যায়িত করা হয়েছে। এমন স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না।”
বক্তব্যে তিনি সংবিধান সংস্কার ও নির্বাচন প্রসঙ্গেও সরকারের সমালোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবিধান নিয়ে সরকারের অবস্থানে দ্বৈত মানদণ্ড রয়েছে এবং এ বিষয়ে জনগণের সঙ্গে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে।
চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা চট্টগ্রামের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি সোনারগাঁ এলাকার সংসদ সদস্যের পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বলেন, জনগণ আর এমন রাজনীতি দেখতে চায় না।
জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশ শেষে মোগরাপাড়া চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা শেষ হয়।
পাঠকের মন্তব্য