![]()
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৪ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত থাকবে। দেশের অন্যান্য অঞ্চলে নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন সভায় জানানো হয়, সারাদেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিবেশ বিদ্যমান রয়েছে। গতকাল একটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রেই নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় ওই বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, কোনো পরীক্ষা কেন্দ্রে সমস্যা দেখা দিলে কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে। ইতোমধ্যে পরিস্থিতির কারণে কুমিল্লার একটি পরীক্ষা কেন্দ্র অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কর্মকর্তারা বলেন, একটি কেন্দ্রের ভিডিও বা পুরোনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
পাঠকের মন্তব্য