![]()
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে শিরোপার সম্ভাবনা, গ্রুপ পর্ব, নকআউটের সমীকরণ এবং ম্যাচের ফল নিয়ে ধারাবাহিক পূর্বাভাস দিয়েছিল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার। টুর্নামেন্ট এখন সেমিফাইনালে। এ পর্যন্ত ফলাফলের সঙ্গে তুলনা করলে দেখা যায়, বেশিরভাগ গুরুত্বপূর্ণ পূর্বাভাসই সঠিক ছিল। তবে কয়েকটি অপ্রত্যাশিত ফলাফল হিসাব-নিকাশ বদলে দিয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে অপ্টা স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা ও ইংল্যান্ডকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে চিহ্নিত করেছিল। টুর্নামেন্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে ফ্রান্সকে সবচেয়ে বড় ফেবারিট হিসেবে দেখানো হলেও শেষ পর্যন্ত এই চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী নির্ধারণে অপ্টার বিশ্লেষণ যথেষ্ট নির্ভুল প্রমাণিত হয়েছে।
নকআউট পর্বেও ছিল অপ্টার উল্লেখযোগ্য সাফল্য। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচেই সঠিক বিজয়ীর পূর্বাভাস দেয় সুপার কম্পিউটার। ফ্রান্স মরক্কোকে, স্পেন বেলজিয়ামকে, ইংল্যান্ড নরওয়েকে এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারাবে—এই চারটি ফলই আগেভাগে সঠিকভাবে অনুমান করেছিল অপ্টা।
তবে সব পূর্বাভাস বাস্তবে মেলেনি। বিশ্বকাপের আগে ব্রাজিল, জার্মানি ও নেদারল্যান্ডসকে সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হলেও জার্মানি ও নেদারল্যান্ডস প্রত্যাশার আগেই বিদায় নেয়। ব্রাজিলও শেষ ষোলো থেকেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে।
অন্যদিকে নরওয়ে ছিল এবারের অন্যতম বড় চমক। তুলনামূলক কম সম্ভাবনা নিয়ে শুরু করেও দলটি শেষ ষোলোতে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসে, যা অপ্টার পূর্বাভাসের সঙ্গে মেলেনি।
বিশ্লেষকদের মতে, অপ্টা সুপার কম্পিউটার কোনো ম্যাচের নিশ্চিত ফল জানায় না। বরং লাখ লাখ সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিটি দলের জয়ের সম্ভাবনা নির্ধারণ করে। তাই অঘটনের সুযোগ সব সময়ই থাকে।
সব মিলিয়ে সেমিফাইনালে ওঠা চার দল এবং কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের ফল সঠিকভাবে পূর্বাভাস দিতে পারায় ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত অপ্টা সুপার কম্পিউটারের পারফরম্যান্সকে বেশ সফলই বলা হচ্ছে।
পাঠকের মন্তব্য