![]()
ই-বাংলাদেশ ডেস্ক
২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের ২০২টি গন্তব্যে ৮১২ ধরনের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এ সময়ে দেশের প্রধান রপ্তানি বাজার হিসেবে শীর্ষ অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য। একই অর্থবছরে এসব পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪৪ হাজার ১৬৭ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সদস্য সেলিনা সুলতানার লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্যের মধ্যে রয়েছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ভারত, ইতালি, কানাডা, জাপান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, সুইডেন, বেলজিয়াম, চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও রাশিয়া।
তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ে দেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল বোনা পোশাক (ওভেন গার্মেন্টস), নিট পোশাক, হোম টেক্সটাইল, হিমায়িত ও জীবিত মাছ, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা এবং প্রকৌশলজাত (ইঞ্জিনিয়ারিং) পণ্য।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, এসব প্রধান রপ্তানি পণ্য থেকে অর্জিত আয় দেশের মোট রপ্তানি আয়ের ৯১ দশমিক ৪৮ শতাংশ। তার মতে, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি কৃষিপণ্য, পাট, চামড়া, প্রকৌশলজাত পণ্য ও অন্যান্য বহুমুখী খাতের রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যকে আরও শক্তিশালী করছে।
তিনি বলেন, সরকার নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বিভিন্ন নীতি ও উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে রপ্তানি আয় আরও বাড়বে বলে সরকার আশাবাদী।
পাঠকের মন্তব্য