![]()
ই-বাংলাদেশ ডেস্ক
গত বিশ্বকাপে রূপকথার মতো পারফরম্যান্সে সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছিল মরক্কো। সেই ধারাবাহিকতা ধরে রেখে ২০২৬ বিশ্বকাপেও শেষ আটে জায়গা করে নিয়েছে আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এতদূর এসে কোনো প্রশংসায় ভাসতে নারাজ মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি। তার একটাই লক্ষ্য—বিশ্বকাপ ট্রফি।
কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ওয়াহবি স্পষ্ট ভাষায় বলেন, এখন পর্যন্ত দলের অর্জন নিয়ে তিনি কোনো মূল্যায়ন শুনতে চান না। তার মতে, টুর্নামেন্ট শেষ হওয়ার আগে সাফল্য নিয়ে কথা বলার সময় আসেনি।
ওয়াহবি বলেন, “যারা বলবে আমরা এখন পর্যন্ত দুর্দান্ত খেলেছি, আমি তাদের কথা শুনব না। টুর্নামেন্ট শেষ হলে কী অর্জন করেছি, তখন সেটির মূল্যায়ন করব। কারণ আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারি।”
গত বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে মরক্কোর ঐতিহাসিক যাত্রা থেমে গিয়েছিল। তবে এবার সেই স্মৃতি পেছনে ফেলে শিরোপার লক্ষ্যেই এগোতে চান মরক্কো কোচ।
তিনি বলেন, “ফ্রান্স অবশ্যই ফেভারিট। কিন্তু সেমিফাইনালে উঠতে যা যা করা প্রয়োজন, আমরা তার সবই করব। এই পর্যন্ত এসেছি, তাই বাকি যা হবে সব বোনাস—এমন ধারণা আমি বিশ্বাস করি না। আমাদের আসল বোনাস হলো বিশ্বকাপ ট্রফি। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।”
ফ্রান্সকে হারাতে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন ওয়াহবি।
তার ভাষায়, “ফ্রান্সের মতো আমরাও দল হিসেবে প্রতিনিয়ত উন্নতি করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো আক্ষেপ না রেখে ম্যাচটি খেলা। আমরা এখন পর্যন্ত ভালো খেলেছি, কিন্তু তাতেই সন্তুষ্ট থাকার সুযোগ নেই। নিজেদের সামর্থ্যের ২০০০ শতাংশ উজাড় করে দিয়ে খেলতে হবে।”
বিশ্বকাপে এবারও দুর্দান্ত ছন্দে থাকা মরক্কো যদি ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে, তবে তারাই হবে ইতিহাসের প্রথম আফ্রিকান দল, যারা টানা দুইটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার কীর্তি গড়বে।
অন্যদিকে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামছে। ফলে কোয়ার্টার ফাইনালের এই লড়াইটি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে।