ই-বাংলাদেশ ডেস্ক
দেশের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)। ২০২৬-২৭ অর্থবছরে তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সার আমদানির জন্য এই অর্থ ব্যবহার করা হবে।
সোমবার (৫ জুলাই) সৌদি আরবের জেদ্দায় আইটিএফসির প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। আইটিএফসি ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।
এই অর্থায়নের আওতায় দেশের তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঋণ সুবিধা পাবে। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), পেট্রোবাংলা এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত সময়ে পেট্রোলিয়াম পণ্য, এলএনজি এবং কৃষি খাতে প্রয়োজনীয় সার আমদানিতে এই অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষি উৎপাদনের জন্য সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। আইটিএফসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নাজিম নুরদালি। এ সময় আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার আদিব ইউসুফ আল আমাও উপস্থিত ছিলেন।
আইটিএফসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এই অর্থায়ন কর্মসূচি বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক কার্যক্রমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৯৭৭ সাল থেকে বাংলাদেশে জ্বালানি তেল ও এলএনজি আমদানির জন্য আইটিএফসি ও আইএসডিবি গ্রুপ যৌথভাবে ২২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করেছে। নতুন এই চুক্তির মাধ্যমে সেই সহযোগিতার পরিধি আরও সম্প্রসারিত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও কৃষিপণ্যের মূল্য অস্থিরতার মধ্যে এই অর্থায়ন দেশের জ্বালানি সরবরাহ, কৃষি উৎপাদন এবং সামগ্রিক খাদ্য নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সহায়তা দেবে।
পাঠকের মন্তব্য