ব্রাজিল-আর্জেন্টিনা, কেউই নরওয়েকে কখনো হারাতে পারেনি!
ই-বাংলাদেশ স্পোর্টস ডেস্ক
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এই ম্যাচের সূচি নিশ্চিত হওয়ার পর ফুটবলপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে এক চমকপ্রদ পরিসংখ্যান। ফুটবল ইতিহাসে নরওয়ের বিপক্ষে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি ব্রাজিল।
এখন পর্যন্ত দুই দলের মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নরওয়ে জিতেছে দুটি এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে নরওয়ের অপরাজিত থাকার রেকর্ড এখনো অটুট।
সবচেয়ে স্মরণীয় জয়টি আসে ১৯৯৮ সালের বিশ্বকাপে। গ্রুপ পর্বে রোনালদো, বেবেতো ও দুঙ্গাদের নিয়ে গড়া শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।
তবে শুধু ব্রাজিলই নয়, আর্জেন্টিনার রেকর্ডও নরওয়ের বিপক্ষে আরও হতাশাজনক। দুইবার মুখোমুখি হয়ে দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা।
প্রথম পরাজয়টি আসে ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনার বিপক্ষে। দ্বিতীয়টি ২০০৭ সালে, যখন লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর সময়ে ছিলেন।
পরিসংখ্যান অনুযায়ী, নরওয়ে ছাড়াও বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক ও লিথুয়ানিয়ার বিপক্ষেও এখনো কোনো জয় পায়নি আর্জেন্টিনা।
আগামী রোববার (৫ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি জিততে পারলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে বিজয়ী দল।
অন্যদিকে নিজেদের ম্যাচ জিতে এগোতে পারলে সেমিফাইনালে ব্রাজিল বা নরওয়ের বিপক্ষে খেলতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে নরওয়ের বিপক্ষে দুই দক্ষিণ আমেরিকান পরাশক্তির ঐতিহাসিক রেকর্ড নতুন করে আলোচনায় এসেছে।
পাঠকের মন্তব্য