![]()
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার বিধান বাতিলের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে জনমনে ব্যাপক সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই এই বিধানটি সম্পূর্ণভাবে প্রত্যাহারের জন্য তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী করব্যবস্থা, শুল্কনীতি এবং বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একাধিক প্রস্তাবও তুলে ধরেন।
তিনি ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খোলা ও সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার বিধান প্রত্যাহারের প্রস্তাব দেন। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত করহার কমানোর আহ্বান জানান।
এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের জন্য কর-সুবিধা সম্প্রসারণের প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী।
দেশীয় শিল্পের বিকাশে সহায়তা করতে চিংড়ি খাত, উৎপাদনশিল্প এবং অন্যান্য শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানির ওপর আরোপিত শুল্ক ও কর কমানোরও আহ্বান জানান তিনি।
পাঠকের মন্তব্য