![]()
দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ নাগরিক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
রোববার (২৮ জুন) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
বিশেষ আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা এই বাধ্যবাধকতার আওতার বাইরে থাকবেন। তবে তারা চাইলে স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর আরও জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা অন্য কোনো কারিগরি সমস্যার কারণে কোনো বাধ্যতামূলক করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে তিনি সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনের পর ওই করদাতাকে কাগজে (পেপার) আয়কর রিটার্ন দাখিলের অনুমতি দেওয়া হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের মতে, করব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও ডিজিটাল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে করদাতারা ঘরে বসেই নিরাপদ ও দ্রুত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন এবং কর প্রশাসনের কার্যক্রমও আরও গতিশীল হবে।
এ বিশেষ আদেশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয়ভাবে অবহিত করার নির্দেশ দিয়েছে এনবিআর।
পাঠকের মন্তব্য