![]()
ই-বাংলাদেশ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ড. সালেহউদ্দিন আহমেদ বিদেশে চিকিৎসার জন্য সরকারি কোষাগার থেকে ৭৯ লাখ ৩৮ হাজার ২২৯ টাকা ব্যয় করেছেন। তথ্য অনুযায়ী, উপদেষ্টাদের বিদেশে চিকিৎসা ব্যয়ের তালিকায় এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়।
জানা গেছে, দায়িত্ব পালনকালে শারীরিক জটিলতায় আক্রান্ত হওয়ার পর সরকারি অনুমোদন নিয়ে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করেন। মোট তিনবার সেখানে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বিদেশে চিকিৎসার ব্যয় নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে এক পর্যায়ে তার শারীরিক জটিলতা এমন অবস্থায় পৌঁছায়, যা দেশে সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। সে কারণেই সরকারের অনুমোদন নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে বাধ্য হন।
তিনি বলেন, “আমি খুব সততার সঙ্গে দায়িত্বপালন করেছি। এক পর্যায়ে শারীরিক জটিলতা দেখা দেয়। দেশে চিহ্নিতই করা যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে যথাযথ প্রক্রিয়ায় সরকারের অনুমোদন নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছি। সেখানে আমি তিনবার চিকিৎসা নিয়েছি।”
উল্লেখ্য, ড. সালেহউদ্দিন আহমেদ এর আগে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্তর্বর্তী সরকারের সময় তিনি ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন। ওই বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
বিদেশে চিকিৎসা ব্যয়ের বিষয়টি প্রকাশের পর সরকারি ব্যয়, জবাবদিহি এবং রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পাঠকের মন্তব্য