![]()
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে আজ বিকেলে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবে।
মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীন সফরে যাবেন, যেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণ রয়েছে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), ২টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, সফরে দীর্ঘদিন আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হতে পারে।
পররাষ্ট্র সচিব বলেন, ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া ও চীন সফরের জন্য ২৭–২৮ সদস্যের একটি ছোট প্রতিনিধি দল গঠন করা হয়েছে।
চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
তিনি লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত “নিউ চ্যাম্পিয়নস” সম্মেলনেও অংশ নেবেন, যেখানে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১,৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।
সফরের মালয়েশিয়া অংশে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার বিষয়টি গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।
পাঠকের মন্তব্য