![]()
আগামী আগস্ট মাসে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার বিকেলে পাবনা সার্কিট হাউস-এর মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আগামী জুলাই মাসে নতুন কিছু কোচ দেশে আসবে। এসব কোচ হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।
তিনি আরও জানান, চলতি বছরের আগস্টে নতুন করে দুটি রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হবে এবং পরে ঢাকা-খুলনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।
পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রী বলেন, মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য না দিয়ে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।
কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রকল্প প্রসঙ্গে শেখ রবিউল আলম জানান, প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং ব্যাপক জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুততম সময়ে প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সেলিম রেজা হাবিব, আবু তালেব মন্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পাঠকের মন্তব্য