![]()
ফিফা বিশ্বকাপে নিজের প্রিয় দলের নাম সরাসরি প্রকাশ না করলেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে কথা বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন বাংলাদেশও মেতে উঠেছে, তখন তিনি কোন দলকে সমর্থন করছেন।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি। তবে হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।’
পরে সুমন মাহমুদের দিকে তাকিয়ে তিনি হাসতে হাসতে বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো?’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে ইংল্যান্ডকে ঘিরেই আলোচনা শুরু হয়। কারণ, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর প্রায় ১৭ বছরেরও বেশি সময় লন্ডনে অবস্থান করেন তারেক রহমান। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরে আসেন।
এদিকে গত ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে এবার রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। ৩৯ দিনের এই প্রতিযোগিতার পর্দা নামবে আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে।
এদিকে বিশ্বকাপ মিশন শুরু করতে আগামী ১৮ জুন রাত ২টায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
পাঠকের মন্তব্য