![]()
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক জামালুন্নেসা। মঙ্গলবার (১৬ জুন) সকালে প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। সম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসরে যান। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অলাভজনক প্রতিষ্ঠান আদ-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক কর্মসূচি পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম।
ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি হাসপাতালে ঘটে যাওয়া নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি ব্যবস্থা জোরদার করা এবং বিদ্যমান চিকিৎসা প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থা উন্নত করতে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংস্কার ও পরিমার্জনের কাজ চলছে। এছাড়া হাসপাতালের করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে রোগীদের জন্য আরও নিরাপদ ও মানসম্মত চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
পাঠকের মন্তব্য