![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী এ সময় পুরো কার্যক্রম ঘুরে দেখে পরিদর্শন করেন এবং পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন।
কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। প্রথম ধাপে দেড় কোটি চারা ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় রোপণ করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তিনি এই কর্মসূচিকে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সভাপতিত্ব করেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য