![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আবেগ, তর্ক-বিতর্ক এবং প্রিয় দলের প্রতি অগাধ ভালোবাসা। সেই বিশ্বকাপের আবহকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। নাটকটিতে ফুটবলপ্রেমী মানুষের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং সামাজিক বাস্তবতার এক অনন্য চিত্র তুলে ধরা হয়েছে।
নাটকের গল্পের কেন্দ্রে রয়েছে মহল্লার দুই তরুণ-তরুণী আজিজ ও মানজিল। তাদের বিয়ের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও ফুটবল নিয়ে মতবিরোধের কারণে সম্পর্কের মধ্যে দেখা দেয় সংকট। আজিজ আর্জেন্টিনা দলের সমর্থক, অন্যদিকে মানজিল ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত। দুই দলের সমর্থনকে কেন্দ্র করে শুরু হওয়া তর্ক একসময় তাদের ব্যক্তিগত সম্পর্কের ওপরও প্রভাব ফেলে।
শুধু দুজনের মধ্যেই নয়, এই ফুটবল দ্বন্দ্ব ধীরে ধীরে পুরো মহল্লাকে দুই ভাগে বিভক্ত করে ফেলে। বিশ্বকাপের উত্তেজনা বাড়তে থাকলে স্থানীয় তরুণরা নিজেদের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এবং পর্তুগাল নামে দল গঠন করে একটি পাড়াভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। এরপর শুরু হয় নানা নাটকীয় ঘটনা।
নাটকের বিভিন্ন পর্বে ফুটবলকে ঘিরে প্রেম, প্রতিশোধ, কুসংস্কার, পারিবারিক দ্বন্দ্ব এবং সামাজিক সম্পর্কের নানা দিক ফুটে উঠবে। দর্শক দেখতে পাবেন পতাকা তৈরির প্রতিযোগিতা, প্রিয় দলের জার্সি নিয়ে সেলুনে ঝগড়া, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত এবং বিশ্বকাপ উন্মাদনায় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার গল্প।
নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয়ে রয়েছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আব্দুল্লাহ রানা, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ এবং ফাতেমা হীরা।
হাস্যরস, আবেগ, পারিবারিক সম্পর্ক এবং ফুটবলপ্রেমের সমন্বয়ে নির্মিত ‘পাড়ার বিশ্বকাপ’ নাটকটি দর্শকদের জন্য হতে পারে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। নাটকের শেষদিকে বিভেদ ভুলে সবাই একত্রিত হওয়ার মাধ্যমে ফুটবলকে আনন্দ ও সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।