![]()
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। মৌসুম শুরুর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার চালু করা হচ্ছে। এছাড়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে দেশের অন্যান্য এলাকাতেও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে।
মন্ত্রী আরও জানান, চিকিৎসকদের দক্ষতা বাড়াতে সোসাইটি অব মেডিসিনের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও এ কার্যক্রমে সহায়তা করছে। ঢাকার বাইরে সাতটি বিভাগ এবং জেলা পর্যায়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, ডেঙ্গু পরীক্ষার রিএজেন্ট, টেস্টিং কিট, ফ্লুইড ও স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের একটি মজুত রয়েছে। সম্ভাব্য চাহিদা বিবেচনায় আরও পর্যাপ্ত সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেঙ্গুর উৎস নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুই মাস আগে থেকেই সিটি কর্পোরেশনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে।
বৈঠকে ডেঙ্গু বিষয়ক একটি মোবাইল অ্যাপ চালুর প্রস্তাব এবং রোগটি নিয়ে গবেষণা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য