![]()
নরসিংদীর মনোহরদীতে প্রধান ঈদ জামাতে অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের বলেন, আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়ার পর সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ঘটনাটিকে তিনি অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, অন্য একটি হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ ঘটনার খবর পান এবং তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার সময়মতো ব্যবস্থা না নিলে হাজার হাজার শিশু মারা যেতে পারত। বর্তমানে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার কাজ চলছে। ঈদের পর হাম সংক্রমণ আরও কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে জেলার বিভিন্ন উপজেলায় ঈদের জামাতে অংশ নেন বিএনপির বিভিন্ন শীর্ষ নেতা। সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন খায়রুল কবির খোকন, পলাশে ঈদের জামাতে অংশ নেন ড. আবদুল মঈন খান এবং শিবপুরে নামাজ আদায় করেন সংসদ সদস্য মনজুর এলাহী।
ঈদের জামাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পাঠকের মন্তব্য