![]()
ইবি রিপোর্ট
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকরের উদ্যোগ এগিয়ে গেলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অপেক্ষা এখনো শেষ হয়নি। নতুন কাঠামোয় তাঁরাও বর্ধিত বেতন-ভাতার সুবিধা পাবেন। তবে কবে থেকে এই সুবিধা কার্যকর হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, প্রয়োজনীয় আদেশ ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে তাঁরা তিন মাসের বকেয়া বেতনও পেতে পারেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বর্ধিত বেতন পেতে আরও অপেক্ষা করতে হতে পারে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকরের আদেশ জারি করবে অর্থ বিভাগ। অর্থ বিভাগের এক অতিরিক্ত সচিব প্রথম আলোকে বলেন, আদেশটি কবে জারি হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি একটি প্রক্রিয়াগত বিষয়। ফলে আদেশ জারি এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন হওয়ার ওপরই নির্ভর করছে শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন পাওয়ার সময়।
দেশে বর্তমানে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিও সুবিধার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য সরকার প্রতি মাসে আর্থিক অনুদান দেয়। এই ব্যবস্থার নাম এমপিও বা মান্থলি পে অর্ডার। এর আওতায় শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতভাগ পান। পাশাপাশি চিকিৎসা ভাতাসহ কিছু অন্যান্য ভাতাও দেওয়া হয়।
গত বছর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তাঁরা মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেতেন। তবে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় বেশি, সেগুলো এমপিওর বাইরেও শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দিয়ে থাকে। বেশির ভাগ প্রতিষ্ঠানের এ ধরনের আর্থিক সক্ষমতা নেই। তাই সরকারি অনুদানের ওপর নির্ভরশীল শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হওয়া বিশেষভাবে প্রত্যাশিত।
নতুন বেতনকাঠামো কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া বাড়বে। স্কুল, কলেজসহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পদ ও বিষয়ভেদে শিক্ষকদের বেতন গ্রেড আলাদা। নতুন কাঠামোয় তাঁরা বর্তমানে যে গ্রেডে রয়েছেন, সেই অনুযায়ী বেতন পাবেন। যেমন, বেসরকারি কলেজের প্রভাষকেরা সরকারি কলেজের প্রভাষকদের মতো নবম গ্রেডে মূল বেতন পাবেন।
সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নতুন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের মতোই এতে ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের মধ্যে তিন ধাপে মূল বেতন কার্যকর করা হবে। আর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ভাতা একযোগে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রথম আলোকে বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে দ্রুত নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেতে পারেন, সে বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। ফলে নতুন বেতন পাওয়ার জন্য তাঁদের অপেক্ষা কত দিন দীর্ঘ হবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও কার্যক্রমের ওপর।
পাঠকের মন্তব্য