![]()
তারেক রহমান পবিত্র Eid al-Adha উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে মুসলিম বিশ্বের দরজায় উপস্থিত হয়েছে। তিনি দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদ মুবারক জানিয়ে বলেন, এই উৎসব শুধু আনন্দের নয়, বরং মহান স্রষ্টার প্রতি আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে।
তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্তই ঈদুল আজহাকে মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যময় করে তুলেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পবিত্র ঈদুল আজহায় তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন সকলের কোরবানি ও ইবাদত কবুল হয় এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়।
তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করে বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”
পাঠকের মন্তব্য