![]()
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২৫ ও ২৬ মে শিল্পাঞ্চলভিত্তিক ব্যাংক শাখাগুলো খোলা থাকবে, যাতে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ করা যায়। রাজধানী ঢাকা ছাড়াও আশুলিয়া, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে। এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে এবং অফিস খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।
এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরসংলগ্ন ব্যাংক শাখাগুলোও ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে। তবে ঈদের দীর্ঘ ছুটি শুরুর আগে ২৩ ও ২৪ মে সারা দেশে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
পাঠকের মন্তব্য