![]()
সংস্কার সংক্রান্ত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়েক মাসব্যাপী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মাধ্যমে বিভাগীয় কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।
এর পাশাপাশি জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং রাজধানীসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবশেষে আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের দাবি, এসব কর্মসূচির লক্ষ্য হলো গণভোটের রায় বাস্তবায়নের জন্য জনমত গঠন ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা।
পাঠকের মন্তব্য