![]()
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে উচ্চপর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) দুপুরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেলা দেড়টার কিছু পর শুরু হওয়া বৈঠকটি বিকেল ৩টার আগেই শেষ হয়। বৈঠকে নতুন বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ সচিব কমিটি অব্যাহত রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে ড. তিতুমীর জানান, সচিব কমিটি পর্যালোচনা শেষে একটি প্রতিবেদন জমা দেবে এবং সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া নির্ধারিত নিয়ম অনুযায়ীই এগিয়ে চলছে এবং সরকার এ বিষয়ে কাজ করছে।
এদিকে নতুন পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি-এর ডাকে ছয় দিনের কর্মসূচি পালিত হচ্ছে।
উল্লেখ্য, নতুন বেতন কাঠামো নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে।
সংশ্লিষ্টদের ধারণা, নতুন পে-স্কেল বাস্তবায়ন ২০২৬-২৭ অর্থবছরে গড়াতে পারে এবং তা ধাপে ধাপে কার্যকর হওয়ার সম্ভাবনাই বেশি। প্রথম ধাপে মূল বেতন কার্যকর করা হতে পারে।
পাঠকের মন্তব্য