![]()
সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা যার যার অবস্থান থেকে কাজ করে একটি উন্নত বাংলাদেশ গড়তে একসঙ্গে এগিয়ে যাই।”
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় প্রধানমন্ত্রী তাদের সাফল্য কামনা করেন।
ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। তারা প্রধানমন্ত্রীকে বড়দিনের অগ্রিম আমন্ত্রণ জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি ও ভালোবাসি। ধর্ম যার যার, দেশ সবার। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার।”
তিনি উল্লেখ করেন, এবারের নির্বাচনে সব ধর্মের মানুষের সমর্থন পেয়েই বিএনপি সরকার গঠন করেছে, যা একটি ইতিবাচক বার্তা বহন করে।
দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের অবস্থা ছিল অত্যন্ত নাজুক—অনেক ক্ষেত্রে তা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মতো মনে হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে নতুন সংকট তৈরি হয়েছে।
এ অবস্থায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
এ সময় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা জাতীয় সংসদে সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব ও ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবিও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন।
পাঠকের মন্তব্য