![]()
ইবি রিপোর্ট
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন বিক্রয়মূল্য বহাল থাকবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন ক্যারেটের স্বর্ণের নতুন দাম
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম হলো—
- ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা
প্রতি ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। অলংকারের নকশা অনুযায়ী এর সঙ্গে মজুরি যুক্ত হবে।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছরে ১২৮ বার দাম সমন্বয়
এর আগে সর্বশেষ ২৮ অক্টোবর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১২৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।