![]()
ইবি রিপোর্ট
শারদীয় দুর্গোৎসব ঘিরে পূজামণ্ডপ পরিদর্শন এবং জনসভায় অংশ নিতে তিন বিভাগীয় নগরী সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দিনের সফরসূচিতে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের পাশাপাশি রাজশাহীতে জনসভায় বক্তব্য এবং চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বাসযোগে রংপুরের পথে রওনা হন। যাত্রাপথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর প্রধানমন্ত্রীকে বহনকারী বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে এগিয়ে যায়।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সড়কপথে রংপুরে যাবেন তিনি। নগরীতে পৌঁছে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। পরিদর্শন কার্যক্রম শেষ করে আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন প্রধানমন্ত্রী। এরপর বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশাহীতে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শনে যাবেন তিনি। মন্দির পরিদর্শন শেষে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। এরপর দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজশাহীর কর্মসূচি শেষ করে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জে অবস্থিত জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচি শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনের শেষ পর্যায়ে চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। এভাবেই রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন দিয়ে শুরু হওয়া তাঁর দিনের কর্মসূচিতে রাজশাহীর মন্দির পরিদর্শন ও জনসভা এবং চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে।
পাঠকের মন্তব্য