![]()
ইবি রিপোর্ট
বকেয়া বেতন পরিশোধ এবং সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবারের এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। সংঘর্ষের সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে, ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা রাজলক্ষ্মী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের পঞ্চম দিনে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।
সকাল ১১টার দিকে উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কয়েকটি স্থানে জড়ো হতে শুরু করেন। পরে তাঁরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট এবং জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে সমবেত হন।
একপর্যায়ে শ্রমিকেরা রাজলক্ষ্মী-সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হন। সেখান থেকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। এতে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় পুলিশ তাঁদের বাধা দেয়।
পুলিশের বাধাকে কেন্দ্র করে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করা হয়। সংঘর্ষে শ্রমিক ও পুলিশ—উভয় পক্ষের সদস্যরা আহত হন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা অন্তত ৫০ জন। তাঁদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করলে তাঁদের বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।
ওসি আরও জানান, ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিকে কেন্দ্র করে টানা পঞ্চম দিনের আন্দোলনে এ সংঘর্ষের ঘটনা ঘটল।
পাঠকের মন্তব্য