![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ও উৎপাদন দক্ষতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে নারায়ণগঞ্জে আকিজ রিসোর্সের মালিকানাধীন দুটি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। মঙ্গলবার তিনি আকিজ সিমেন্ট ফ্যাক্টরি ও আকিজ এসেনশিয়ালসের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় টেকসই শিল্পায়ন, প্রযুক্তির ব্যবহার এবং দুই দেশের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।
শিল্প গ্রুপটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধি দল কারখানা দুটির উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আকিজ রিসোর্সের কর্মকর্তারা তাঁদের উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া প্রযুক্তির কার্যকর ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা এবং উৎপাদনশীলতা বাড়ানোর উপায় নিয়ে মতবিনিময় হয়।
আলোচনায় বাংলাদেশ ও জার্মানির শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও উঠে আসে। শিল্প খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন প্রক্রিয়াকে আরও দক্ষ করে তোলার বিষয়েও আলোচনা হয়।
আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, ‘রাষ্ট্রদূত ও জার্মান দূতাবাসের প্রতিনিধি দলকে আমাদের উৎপাদন স্থাপনাগুলোতে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। এ ধরনের মতবিনিময়কে আকিজ রিসোর্স অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত যোগাযোগ দুই দেশের মধ্যে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে সহায়ক হবে।’
অন্যদিকে আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘বাংলাদেশের শিল্প খাত ক্রমান্বয়ে আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় প্রযুক্তি, পণ্যের গুণগত মান, দক্ষতা এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মান রাষ্ট্রদূতের এ সফর আমাদের উৎপাদন সক্ষমতা ও শিল্প কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।’
রাষ্ট্রদূতের কারখানা পরিদর্শনের সময় আকিজ রিসোর্সের ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান এবং ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন আকিজ বিল্ডিং সলিউশনসের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সুব্রত কুমার সিংহ, আকিজ এসেনশিয়ালস লিমিটেডের প্লান্ট হেড মো. আরিফুল ইসলাম, আকিজ সিমেন্টের প্লান্ট হেড মো. হাবিবুর রহমান, সাসটেইনেবিলিটি বিভাগের লিড মো. রাহাজুল আমিন এবং কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান।
সফরটি আকিজ রিসোর্সের উৎপাদন কার্যক্রম ও সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ও জার্মানির শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রযুক্তি, দক্ষতা এবং টেকসই উৎপাদনব্যবস্থা নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের যোগাযোগ ভবিষ্যতে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে সহায়ক হতে পারে।
পাঠকের মন্তব্য