
ইবি রিপোর্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন।
ছবিটি গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়া বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজের। ওই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে সমবেত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর রাতে নৈশভোজের আয়োজন করা হয়। নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে অনুষ্ঠিত ওই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন।
নৈশভোজে জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন। এর আগে একই দিন সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে একটি প্রাতরাশের আয়োজন করেন। সেখানেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান অংশ নেন।
নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কয়েক দিন পর শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবিটি প্রকাশ করা হয়। ছবিটি প্রকাশের পর এটি বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পোস্টে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সেপ্টেম্বর মাসে নিউইয়র্ক সফর করেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ইউএনজিএ অধিবেশনে অংশগ্রহণ। সফরকালে তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
ট্রাম্পের দেওয়া নৈশভোজের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে, ইউএনজিএ সফরের সময় জুবাইদা রহমানও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ২২ সেপ্টেম্বর তিনি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে শিশুদের শিক্ষা, ডিজিটাল দক্ষতা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইন নিরাপত্তাবিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেন।
ট্রাম্পের নৈশভোজের প্রকাশিত ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাওয়ায় ছবিটি এখন আলোচনায় এসেছে।
পাঠকের মন্তব্য