
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। তরুণ প্রজন্ম ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবা ও আর্থিক অন্তর্ভুক্তির বার্তা আরও জোরালো করতেই এই অংশীদারত্ব বলে জানিয়েছে নগদ।
মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জামাল ভূঁইয়া ও নগদের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাস নগদের বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন জামাল ভূঁইয়া। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগেও তাকে দেখা যাবে। ক্রীড়াপ্রেমী ও তরুণদের ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে জামালের জনপ্রিয়তাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে নগদের।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে জামাল ভূঁইয়া বলেন, নগদের সঙ্গে কাজ করে তার ভালো লেগেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।
জামাল বলেন, নগদের সঙ্গে তার আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ বিশ্বকাপ নিয়ে নগদের একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন তিনি, যেটিকে তার কাছে চমৎকার একটি উদ্যোগ বলে মনে হয়েছে।
নগদের কার্যক্রমের প্রশংসা করে জাতীয় দলের অধিনায়ক বলেন, উদ্ভাবনী উদ্যোগ ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। গ্রাহকদের জন্য বিভিন্ন সময়ে আয়োজন করা ক্যাম্পেইন ও পুরস্কারের উদ্যোগও নগদকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জামাল ভূঁইয়াকে নগদ পরিবারে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে নগদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা রয়েছে। ভবিষ্যতে জামাল ভূঁইয়ার পাশাপাশি আরও তারকা খেলোয়াড়কে নগদ পরিবারের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, দেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের পাশে থাকবে নগদ। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত তরুণদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়াতেও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের আরও কর্মকর্তারা।
জামাল ভূঁইয়ার মতো জাতীয় দলের জনপ্রিয় একজন ফুটবলারের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে নগদের ব্র্যান্ড কার্যক্রমে নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারে আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মন্তব্য