
ইবি রিপোর্ট
নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর চান্দপাড়া জনতা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮)। তিনি কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
অপর নিহত ব্যক্তি লিজা আক্তার (৪০)। তিনি আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বিজিবিতে কর্মরত বাবু মিয়ার স্ত্রী।
এ দুর্ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক পরিবহণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ট্রাকসহ চালক পালিয়ে গেছেন।