
ই-বাংলাদেশ ডেস্ক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা পাবেন। একই সঙ্গে মন্ত্রীর সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও তিনি ভোগ করবেন।
এর আগে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদলের অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনের পরিবর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন আন্দালিব রহমান পার্থ। এরপর তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিএনপির জোটসঙ্গী এই নেতা ভোলা-১ আসনের সংসদ সদস্য।
মন্ত্রিসভায় প্রথম রদবদলের অংশ হিসেবে শুক্রবার দিবাগত মধ্যরাতে নতুন করে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরদিনই জহির উদ্দিন স্বপনের মন্ত্রিত্ব ছাড়ার এবং নতুন দায়িত্বে নিয়োগের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।
জহির উদ্দিন স্বপনের নতুন দায়িত্বকে সরকারের নীতিনির্ধারণী ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার ভূমিকার পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রীর দায়িত্ব থেকে সরে গিয়ে এখন তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড ও নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন।
অন্যদিকে, আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে মন্ত্রিসভায় জোটের অংশীদারদের ভূমিকা আরও দৃশ্যমান হলো। প্রথম দফার এই রদবদনের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন এসেছে।
পাঠকের মন্তব্য