![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর ‘প্রায় পুরোটাই’ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে দেশটি জানিয়েছে, ভবিষ্যৎ সামরিক অভিযানের জন্য তারা আরাশ-২-এর চেয়েও উন্নত, দূরপাল্লার এবং অধিক ধ্বংসাত্মক নতুন ড্রোন মোতায়েন করছে।
শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া বলেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের হামলার ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।
তার দাবি, হামলার পর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক স্থাপনা কার্যক্রম পরিচালনার সক্ষমতার বড় অংশ হারিয়েছে। বিশেষ করে ইরাকের এরবিলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর প্রায় সম্পূর্ণ অংশ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে সক্রিয় ইরানবিরোধী গোষ্ঠীগুলোর কার্যক্রম পরিচালনার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
মোহাম্মদ রেজা আকরামিনিয়া আরও বলেন, শুধু এরবিল নয়, দক্ষিণ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলজুড়েও যুক্তরাষ্ট্রের বিস্তৃত সামরিক উপস্থিতি, ঘাঁটি এবং সরঞ্জাম রয়েছে। তার দাবি, সাম্প্রতিক ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্র এখন এসব সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।
ইরানের এই সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে ইরান তার সামরিক অভিযান অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।
তার ভাষায়, “আমেরিকানরা যতক্ষণ না বুঝবে যে আগ্রাসনের মাধ্যমে তারা ইরানি জাতির ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এ অভিযান চলবে।”
ড্রোন সক্ষমতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে আকরামিনিয়া বলেন, সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধে ইরানের সামরিক বাহিনী আরাশ-২ ড্রোন ব্যবহার করেছিল। তবে এখন দেশটি আরও উন্নত প্রযুক্তির নতুন প্রজন্মের ড্রোন মোতায়েন করছে, যেগুলো আগের তুলনায় বেশি নির্ভুল, অধিক ধ্বংসাত্মক এবং দীর্ঘপাল্লার হামলা চালাতে সক্ষম।
তিনি জানান, নতুন ড্রোনগুলোর কারিগরি সক্ষমতা ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ভবিষ্যৎ সামরিক কৌশলে এসব ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, ইরানের এসব বক্তব্য দেশটির নিজস্ব দাবি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরবিলে সামরিক অবকাঠামো ধ্বংস বা ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য প্রকাশ করা হয়নি।
পাঠকের মন্তব্য