ই-বাংলাদেশ ডেস্ক
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের বিষয়ে আগামী মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার ইতোমধ্যে জ্বালানি খাতের সংকট নিরসনে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে, যার ইতিবাচক প্রভাব আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দৃশ্যমান হবে।
বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতাদের বৈঠকে এসব আশ্বাস দেওয়া হয়।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু সাংবাদিকদের জানান, পোশাক শিল্পের বর্তমান সংকট, বিশেষ করে জ্বালানি ঘাটতি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অডিট কার্যক্রমের প্রভাব, রপ্তানি-সংক্রান্ত জটিলতা এবং শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
বিজিএমইএ সভাপতি আরও জানান, সরকার বিনিময় হার আরও নমনীয় (ফ্লেক্সিবল) করা এবং তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা বৃদ্ধি করায় সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে।
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে মাহমুদ হাসান খান বাবু বলেন, সরকার জ্বালানি সরবরাহ বাড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে তৃতীয় এফএসআরইউ স্থাপনের বিষয়ে আগামী মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে, যা ভবিষ্যতে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে চলমান বিভিন্ন জ্বালানি প্রকল্প বাস্তবায়নের ফলে আগামী এক বছরের মধ্যে সংকট কিছুটা কমতে শুরু করবে এবং এক থেকে দেড় বছরের মধ্যে এর সুস্পষ্ট সুফল পাওয়া যাবে।
এছাড়া পোশাক শিল্পের যেসব সমস্যা এনবিআর, বন্দর কর্তৃপক্ষ কিংবা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলো বিস্তারিতভাবে লিখিত আকারে সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিজিএমইএ সভাপতির ভাষ্য অনুযায়ী, পোশাক শিল্পের সমস্যা পর্যালোচনা করে দ্রুত সমাধানের সুপারিশ দিতে বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।
ব্যবসায়ীদের আশা, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে তৈরি পোশাক খাতের উৎপাদন, প্রতিযোগিতা সক্ষমতা এবং বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
পাঠকের মন্তব্য