![]()
চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশ এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চট্টগ্রামে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করতে হবে। একই সঙ্গে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে জনগণকে নিজেদের নিরাপত্তার জন্য নিজেরাই ব্যবস্থা নিতে হচ্ছে। তার দাবি, সরকার কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।
তিনি আরও প্রশ্ন তোলেন, “এদের খুঁটির জোর কোথায়?”
তবে ফেসবুক পোস্টে হামলার ঘটনায় জড়িত কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক সংগঠনের নাম উল্লেখ করেননি জামায়াতের আমির।
পাঠকের মন্তব্য