![]()
ই-বাংলাদেশ ডেস্ক
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানালে ওই এলাকাগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে ঢাকা কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ এবং বিএফ শাহীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা “দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ”, “আমাদের ন্যায্য দাবি মানতে হবে” এবং **”অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”**সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে দুপুর ১টার দিকে সায়েন্সল্যাব থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে শাহবাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা নীলক্ষেত হয়ে স্যার এ এফ রহমান হলের সামনের সড়কে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এরপর দুপুর পৌনে ২টার দিকে তারা নীলক্ষেত এলাকায় সরে যান।
ঢাকা কমার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী আলিফ বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ ও দাবি সরকারের সর্বোচ্চ পর্যায়ের নজরে আনতেই তারা আন্দোলনে নেমেছেন। তার অভিযোগ, জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে ফেলেছে। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা।
তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল প্রশ্ন এবং হিসাববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন অতিরিক্ত কঠিন হওয়ায় অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে মানসম্মত ও নির্ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দাবি জানান তিনি।
ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ বলেন, বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র সংক্রান্ত অসঙ্গতির অভিযোগ উঠেছে। পাশাপাশি বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা এবং ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান ও হিসাববিজ্ঞান পরীক্ষার পুনঃপরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান তিনি। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনারও দাবি করেন।
সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। অনেকেই পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়েছে। এছাড়া সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রুবেল হক জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
অন্যদিকে, সায়েন্সল্যাব এলাকায় পরিস্থিতি সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তোয়াহা ইয়াসীন হোসেন বলেন, অবরোধের কারণে শাহবাগ থেকে সায়েন্সল্যাবমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি উপলক্ষে মুহসীন হল গেট ও মলচত্বর এলাকায় পুলিশ ও বিজিবির অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবিগুলো হলো— বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করা।
পাঠকের মন্তব্য