![]()
ই-বাংলাদেশ ডেস্ক
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ থেকে শুরু করে সংরক্ষণ, কেন্দ্রে পাঠানো এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে দায়িত্বশীল কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, এইচএসসি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশ্নপত্র ব্যবস্থাপনার প্রতিটি ধাপ কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনো অবস্থাতেই প্রশ্নপত্রের গোপনীয়তা নষ্ট হওয়ার সুযোগ রাখা যাবে না।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, পরীক্ষা চলাকালে কোনো কক্ষে প্রয়োজনের অতিরিক্ত প্রশ্নপত্র সরবরাহ করা যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত বা অতিরিক্ত প্রশ্নপত্র তাৎক্ষণিকভাবে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।
এছাড়া কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা প্রশ্নপত্রের কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না বলেও কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এসব নির্দেশনা শতভাগ অনুসরণ করতে বলা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশ্নপত্রের নিরাপত্তা জোরদার এবং পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের কঠোর নির্দেশনা এইচএসসি ২০২৬ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।