ই-বাংলাদেশ ডেস্ক
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন সারা দেশে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।
সকাল ১০টায় বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং দুপুর ১টায় শেষ হয়।
সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী। এ বোর্ডগুলোতে ১৭ হাজার ২৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী। সেখানে ৪ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর শিক্ষা বোর্ডে ২ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ জন এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং পরীক্ষার্থীদের উপস্থিতির হার আরও বৃদ্ধি পাবে।