![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ও ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে তিনি এই ঘটনাকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে ভূমিকম্প ঝুঁকি ও অপরিকল্পিত নগরায়ণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ভয়াবহ এ দুর্যোগে বিপুলসংখ্যক মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে এবং এটি মানবজাতির অসহায়ত্বের একটি বড় উদাহরণ।
তিনি লেখেন, “ভেনেজুয়েলার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক লক্ষ মানুষের হতাহতের আশঙ্কা। ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মহান আল্লাহর অসীম শক্তির সামনে মানুষ কতটা ক্ষুদ্র ও অসহায়, এমন দুর্যোগ তারই একটি বাস্তব প্রতিফলন। একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে, মানুষের গড়ে তোলা স্থাপনা, সম্পদ ও আয়োজন মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে।
বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে শায়খ আহমাদুল্লাহ বলেন, দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ছোট ছোট ভূমিকম্প অনুভূত হচ্ছে। জনবহুল ও অপরিকল্পিত নগরায়ণের কারণে বড় ধরনের ভূমিকম্প হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, “জনবহুল ও অপরিকল্পিত নগরায়নের এই শহরে যদি এমন ভয়াবহ ভূমিকম্প হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা আল্লাহই ভালো জানেন।”
পোস্টের শেষাংশে তিনি দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্যোগ মোকাবিলায় আগাম ও কার্যকর প্রস্তুতি গ্রহণের অনুরোধ করেন। পাশাপাশি নির্মাণকাজে নিরাপত্তাবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন।
শায়খ আহমাদুল্লাহর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যকে সময়োপযোগী বলে উল্লেখ করে ভূমিকম্প-প্রবণ বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দুর্যোগ প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন।
পাঠকের মন্তব্য