![]()
কেমব্রিজ ইন্টারন্যাশনাল প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ায় গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত এএস লেভেলের ‘ম্যাথমেটিকস পেপার ১২’ পরীক্ষা বাতিল করেছে। এই সিদ্ধান্ত বাংলাদেশ-সহ প্রশাসনিক জোন ৩ ও ৪-এর আওতাভুক্ত বিভিন্ন দেশের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।
বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, প্রশ্ন ফাঁসের ব্যাপকতার কারণে ওই পেপারটি চূড়ান্ত ফল নির্ধারণে ব্যবহার করা সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে আগামী ৯ জুন বিকল্প প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে।
কেমব্রিজ জানিয়েছে, পুনঃপরীক্ষার জন্য শিক্ষার্থী বা স্কুল কর্তৃপক্ষকে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। তারা বলেছে, মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের প্রতি সুবিচার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের ভাষ্য অনুযায়ী, বিকল্প প্রশ্নপত্রের মাধ্যমে সুষ্ঠু ফলাফল নিশ্চিত করা সম্ভব হবে এবং সেই ফল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্য থাকবে।
পরীক্ষার ফল প্রকাশের তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ১১ আগস্ট ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কেমব্রিজ। এছাড়া পুনঃপরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও প্রশ্নোত্তর (FAQ) আগামী ১৫ মে’র মধ্যে স্কুলগুলোকে পাঠানো হবে।
ঘটনাটি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে কেমব্রিজ কর্তৃপক্ষ। বোর্ড জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আজীবন বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া-র কিছু অঞ্চলেও এই পরীক্ষা বাতিল করা হয়েছে।